টাঙ্গাইলে তিনটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে টাঙ্গাইল সদর উপজেলায় চেয়ারম্যান পদে তোফাজ্জল হোসেন খান তোফা, দেলদুয়ার উপজেলায় ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ ও নাগরপুর উপজেলায় কেএম সালমান শামস জিৎ বিজয়ী হয়েছেন। বুধবার (২৯ মে) রাত সাড়ে ১০টায় নির্বাচনের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করেন।
টাঙ্গাইল সদর উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা (দোয়াত কলম) প্রতীকে ৪২ হাজার ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ২০৮ ভোট।
দেলদুয়ার উপজেলায় বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ (কাপ পিরিচ) প্রতীকে ২৯ হাজার ২৯৭ ভোট পেয়ে পুনরায় বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শিবলি সাদিক (টেলিফোন) প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৯৫৪ ভোট।
নাগরপুর উপজেলায় প্রয়াত এমপি খন্দকার আবদুল বাতেনের ছেলে কেএম সালমান শামস জিৎ (আনারস) প্রতীকে ৩৫ হাজার ৭৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান আব্দুছ ছামাদ (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৮১৭ ভোট।
এর আগে শান্তিপূর্ণভাবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলে। নির্বাচনে ১৫ জন চেয়ারম্যান প্রার্থী, ১৯ জন ভাইস চেয়ারম্যান ও ১০ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ূর রহমান জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৮ প্লাটুন বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...